বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার গৃহবধূ সাথী খাতুনের মা সবুরন বেওয়া বাদী হয়ে নন্দীগ্রাম থানায় জামাই ও মেয়ের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, প্রায় সাত মাস আগে পারিবারিকভাবে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামের আবদুল হাকিমের ছেলে রনির সঙ্গে নাটোর জেলার সিংড়া উপজেলার দমদমা গ্রামের মৃত আবদুর রহিমের মেয়ে সাথী খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রনি তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আরো টাকা আনতে বলে। এতে রাজি না হওয়ায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল রনি। এমতাবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মা সবুরন বেওয়া মেয়ের বাড়িতে এসে শনিবার সাথীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বললে রনি ক্ষিপ্ত হয়ে মায়ের সামনেই সাথীকে মারধর করে মাথার চুল কেটে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় সাথীর মা বাধা দিলে তাকেও মারধর করে রনি।
থানার ওসি মোহাম্মদ শওকত কবির জানান, এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।