ডোবায় অন্তঃসত্ত্বা নারী ও লেকে নবজাতকের লাশ

রাজধানীর উত্তরখান এলাকার একটি জলাশয় থেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম মালা রানী দাস (২৫)। গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই নারী। গতকাল বিকালে জলাশয় থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কথিত নার্স ও তার স্বামীকে গ্রেফতার করেছে। অপরদিকে, আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠের পাশে একটি লেক থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে শেরেবাংলানগর থানা পুলিশ।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন, মালা রানী দাস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৩ জুলাই মালা তার স্বামী গোপাল দাসকে জানান যে বাড়ির পাশের ক্লিনিকে চিকিত্সা করাবেন। এই কথা বলে ওই দিন মালা বাসা থেকে বেরিয়ে যান। এরপর মালা ওই ক্লিনিকে গেলে সেখানে থাকা হাসিনা নামে এক মহিলা তাকে তার বাসায় নিয়ে যায় এবং শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করে গর্ভে থাকা বাচ্চা বের করার চেষ্টা করেন। এতে মালা রানীর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়। পরে হাসিনা বেগম তার স্বামী গোলাম রব্বানীর সহায়তা নিয়ে লাশ একটি বস্তায় ভরে পাশের জলাশয়ে ফেলে দেয়। এ ঘটনার দুই দিন পর মালার স্বামী গোপাল উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ সেই জিডির সূত্র ধরে মালা রানীকে খুঁজতে থাকে। গতকাল বিকালে জলাশয় থেকে বস্তা সদৃশ একটি বস্তু ভেসে ওঠে। প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হাসিনা ও তার স্বামী গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে।