বিশ্বের ৮০ জনের বেশি মিলিওনিয়ার এক খোলা চিঠিতে সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর আরো বেশি হারে কর বসানোর আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারির পর এখন যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই আহ্বান জানান। —খবর বিবিসির
চিঠিতে মিলিওনিয়াররা বলেন, ‘বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমাদের প্রতিদিন চাকরি হারানো, গৃহহীন হওয়া কিংবা আমাদের পরিবারের ভরণপোষণ কীভাবে হবে সেই চিন্তায় থাকতে হয় না। এই জরুরি সংকটের সময় আমাদের সামনের কাতারে দাঁড়িয়ে লড়াই করতে হচ্ছে না। আমাদের করোনা ভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনাও কম। কাজেই দয়া করে আমাদের ওপর কর বসান। কর বসান। কর বসান। এটাই সঠিক পথ। এটাই একমাত্র পথ।’ সাতটি দেশের মোট ৮৩ জন মিলিওনিয়ার এই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ডিজনির উত্তরাধিকারী টম এবং অ্যাবিগেইল ডিজনি, ওয়্যারহাউজ গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিফেন টিনডাল এবং ‘বেন অ্যান্ড জেরিস’ আইসক্রিমের জেরি গ্রিনফিল্ড।