চার মাস পর ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে বিচার কাজ শুরু

দেশের সবোর্চ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই প্রথমবারের মত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুরু হয়েছে মামলার বিচার কাজ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে এ বিচার কাজ চলছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ প্রথম দিনে ভার্চুয়ালি বিভিন্ন মামলার শুনানি গ্রহন ও নিষ্পত্তির আদেশ দিয়েছেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান। এ সময় শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।

গতকাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল বিচার ব্যবস্থায় যুক্ত হন প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। এজন্য আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। এই ব্যবস্থা সফল হলে সপ্তাহে দুই দিন নয়, পুরো পাঁচ কার্যদিবসেই আপিল বিভাগে বিচার কাজ চলবে।