টেকনাফ অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগর উপকূলীয় জনপদ মেরিন ড্রাইভ হতে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে টেকনাফ সদর ইউপির সাগর উপকূলীয় মেরিন ড্রাইভ সংলগ্ন সাগর উপকূলে স্থানীয় লোকজন এবং জেলেরা পরিত্যক্ত এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেয়। এরপর টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন। 

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ জানান, তদন্ত করে এই মৃতদেহের পরিচয় শনাক্ত করার পর সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এদিকে স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক শনাক্ত না হলেও গ্রুপিং, আধিপত্য বিস্তার, মাদক বাণিজ্যে দ্বন্দ্ব অথবা আইন-শৃংখলা বাহিনীর সাথে অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।


ইত্তেফাক/আরকেজি