রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই দুই শ্রমিক হলেন- মো. আনোয়ার হোসেন (৩৭) ও মো. আব্দুল আজিজ (৩৫)। তাদের বাড়ি রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকায়।
জানা গেছে, মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল দরজা সংলগ্ন নির্মাণাধীন পিসিআর ল্যাব স্থাপনের জন্য একদল শ্রমিক বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন। এসময় তারা মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করার সময় হঠাৎ দু্ইজন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আরও পড়ুন: নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিক্যাল কলেজের নীচতলায় নির্মাণাধীন পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিলো। তারা মাটির নীচে পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দু্ইজন মারা যান।
পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানিয়েছেন, শ্রমিকরা যেখানে বিদ্যুতের কাজ করছিলো সেখানে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিলোনা। কিন্তু কি কারণে কিভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন, বৃষ্টির কারণে কোথাও কোন সমস্যা হলো কিনা, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারব আমরা।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’
ময়নাতদন্ত শেষে কোতায়ালী থানা পুলিশ মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএএম