চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলা

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালিত হলো ১৩ নভেম্বর। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন মেলা’। মেলার পৃষ্ঠপোষকতা করেছে আনোয়ার সিমেন্ট। সহযোগিতায় ছিল নূর ইকোব্রিক্স। এদিন সকাল ১১টা ০৫ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু, আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, সিএমও একেএম সাদেক, হেড অব মার্কেটিং মোল্লা ওমর, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, সৈয়দ হাসান ইমাম, ইমদাদুল হক মিলন, সাংবাদিক রেজানুর রহমান, মাজহারুল ইসলাম, তানজিনা রহমান, প্রবাসী লেখক শহিদ হোসেন খোকন, প্রকাশক ফরীদ আহমেদ, মনিরুল হক ও সেলিমসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন-ভক্ত ও বিশিষ্টজনরা। উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের লেখা গান। গান পরিবেশন করেন ফকীর আলমগীর, রফিকুল আলম, আকরামুল হক, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, আগুন, সেলিম চৌধুরী, সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথা বলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, চলচ্চিত্র প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, প্রফেসর নূরজাহান সরকার-সহ উপস্থিত বিশিষ্টজরা। অনুষ্ঠানে হিমু ও রুপারা কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করেন। গান ছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, ছিল হুমায়ূন আহমেদের বইয়ের স্টলসহ অন্যান্য সামগ্রীর স্টল এবং শিশুদের ছবি আঁকার পর্ব। সাফি ও অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই ও রেডিও ভূমি।

উলেখ্য, ১২ নভেম্বর রাত ১২টা ০১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। ১৩ নভেম্বর সকালে নূহাশ পল্লীতে ছিল বিশেষ অনুষ্ঠান।