বাংলাদেশের প্রথম ভার্চুয়াল জব ফেস্টে ৬ শতাধিক প্রার্থীর কর্মসংস্থান চূড়ান্ত

দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল স্কিল ডট জবস ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ভার্চুয়াল জব ফেস্ট-২০২০’। এতে ৬ শতাধিক প্রার্থীর কর্মসংস্থান চূড়ান্ত হলো এবং একইসঙ্গে আরো পাঁচ শতাধিক প্রার্থীর কর্মসংস্থান প্রক্রিয়াধীন রয়েছে। মেধাভিত্তিক কাজ ঘরে বসে করা সম্ভব এই বিশ্বাসকে পুঁজি করে এবং যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরির অপেক্ষায় ছিলেন বা যারা করোনা প্রাদুর্ভাবের কারণে স্বপ্নের চাকরিটি হারিয়েছেন মূলতঃ তাদের জন্য স্কিল ডট জবস ও বিএসএইচআরএম এ ফেস্টের আয়োজন করে। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ  এসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস  ও বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউট সোসিং।

গত ১১ জুলাই স্কিল জবসের ফেসবুক পেজে মাসব্যাপী আয়োজিত এ ‘ভার্চুয়াল জব ফেস্ট-২০২০’ এর  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিল জবস্ ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, বিএসএইচআরএম এর প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান, বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএস এর সভাপতি মোঃ শহীদুল মুনীর, বাক্কো’র সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ ও সেক্রেটারী জেনারেল তওহীদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্চুয়াল জব ফেস্টের আহ্বায়ক ও বিএসডিআই এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।