বলের সিম ব্যবহারের গুরুত্ব দেখছেন পেসাররা

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের ধাক্কাকে পাশ কাটিয়ে মাঠে ফেরা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা হলো সাউদাম্পটনে সাদা পোশাকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ রোমাঞ্চকর লড়াই দিয়ে। পঞ্চম দিনের বিকেলে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সারা বিশ্বের ক্রিকেটার, কোচসহ সংশ্লিষ্ট সবারই চোখ ছিল ম্যাচটিতে। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররা।

নতুন নিয়মে মাঠে গড়ান টেস্ট দেখেছেন বাংলাদেশের পেসাররা। মুখের লালা তথা থুথুর ব্যবহার ছাড়াই ম্যাচে বোলিং করেছেন অ্যান্ডারসন-আর্চার, হোল্ডার-গ্যাব্রিয়েলরা। দুই দলের বোলিং দেখে শফিউল ইসলামের মনে হয়েছে, থুথু নিষিদ্ধ হওয়ায় বোলিংয়ে বলের সিম ব্যবহারের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ হবে। তার চোখে, হোল্ডার খুব ভালোভাবে সিম ব্যবহার করেছেন। বাংলাদেশের টেস্ট দলের পেসার এবাদত হোসেনের উপলব্ধি, ঘাম দিয়ে শাইন আগের মতো থাকছে না। তাতে বল সুইং কম হচ্ছে। এক্ষেত্রে বল মেইনটেইন করাটা অনেক গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

নতুন নিয়মে হওয়া সাউদম্পটন টেস্টে পেসারদের বোলিংয়ে কোনো পরিবর্তন চোখে পড়েছে কিনা জানতে চাইলে গতকাল শফিউল ইসলাম বলেছেন, ‘আমি বোলিং দেখেছি। পরিবর্তন ঐ রকম চোখে পড়েনি। আমি দেখতে চেয়েছি বোলাররা কী করছে। হোল্ডার ভালো করেছে। সে সিমটা খুব ভালো ব্যবহার করেছে। ওরা ঘাম ব্যবহার করে বল শাইন করেছে, বল মেইনটেইন করার চেষ্টা করেছে। ডিউক বলের খেলা ছিল, ওদের সিম ব্যবহারটা আমার মনে হয় ভালো হয়েছে। হোল্ডার সিমে হিট করতেছিল। আমার মনে হয়, এটা ভালো কাজে লেগেছে।’

এবাদত অ্যান্ডারসন-ব্রড জুটির বোলিং দেখতেই মুখিয়ে ছিলেন। যদিও ব্রড একাদশেই ছিলেন না। ঘাম দিয়ে বলের শাইনিং আগের মতো হচ্ছে না। ডানহাতি এই পেসার গতকাল বলেছেন, ‘দুইটা দলই ঘাম দিয়ে বল শাইন করার চেষ্টা করেছে। আগে ইংল্যান্ডের মাটিতে ম্যাচগুলোতে যতটা দেখেছি, ততটা শাইন এবার হয়নি। কয়েকবার বলটা ক্লোজ করে দেখিয়েছে, অতটা শাইন দেখলাম না।’

থুথুর ব্যবহার নিষিদ্ধ হওয়ায় এখন বল মেইনটেইন করার দিকে অনেক গুরুত্ব দিতে হবে দলগুলোকে। সিলেটের ছেলে এবাদত বলেন, ‘আমি দেখতে চেয়েছি, কীভাবে বলটা মেইনটেইন করে। বল মেইনটেইন করা এখন অনেক গুরুত্বপূর্ণ হবে মনে হচ্ছে। থুথু ছাড়া বল কিন্তু অত শাইন হচ্ছে না। এখন আরো কঠিন হয়ে যাবে আমাদের জন্য বলটা মেইনটেইন করা।’

এই টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল গতির সঙ্গে উইকেট ব্যবহারের চেষ্টা করেছেন। এবাদত বলেন, ‘গ্যাব্রিয়েল পেস দিয়ে বল করেছে এবং উইকেটটাকে ব্যবহার করেছে। কিছু সময় ক্লোজ টু স্ট্যাম্প, কিছু সময় ওয়াইড অব দ্য ক্রিজ বল করেছে।’