স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগামী মাসে অনুশীলনে ফেরার কথা আছে জাতীয় ফুটবল দলের। তার আগে ফুটবলারদের সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করতে প্রয়োজন সুরক্ষা নির্দেশনার। আগামীকাল বৃহস্পতিবার এক সাধারণ সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ফুটবলারদের অনুশীলনে ফেরাতে মেডিক্যাল নির্দেশনা তৈরির কাজ গেল বৃহস্পতিবারই শেষ করেছিল ডা. আলি ইমরানের নেতৃত্বাধীন বাফুফের মেডিক্যাল দল। সে সুরক্ষার নির্দেশনাকেই একটু ঘষে-মেজে চূড়ান্ত করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।
পুরোদমে অনুশীলনে ফিরতে প্রায় এক মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন সোহাগ। বাফুফে সাধারণ সম্পাদক ইত্তেফাককে বলেন, ‘দুটো কিংবা তিনটি ধাপে অনুশীলন পুরোদমে শুরু হবে। প্রতি ধাপে কতজন করে খেলোয়াড় অনুশীলনের অনুমতি দেওয়া হবে সেটা সভায় নির্ধারিত হবে। তবে তিন ধাপ হলে ১০ আর দুই ধাপ হলে ১৫ জন একসঙ্গে অনুশীলনের অনুমতি পাবে, সেক্ষেত্রে পুরোদমে অনুশীলনে ফিরতে এক মাসের মতো সময় লেগে যাওয়ার কথা।’ তবে এতে কোচ জেমি ডে খুব একটা সমস্যা দেখছেন না। ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে ইত্তেফাককে বললেন, ‘শুরুর দিকে দুই-তিন সপ্তাহের মতো সময় ফিটনেস নিয়ে কাজ করতেই চলে যাবে। সেক্ষেত্রে এভাবে দেরি হলে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’