সন্ধ্যার আকাশে উড়ছে বাতি লাগানো ঘুড়ি

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত ইসলামপুর উপজেলায় সন্ধ্যার আকাশে উড়তে দেখা যায় ডিজিটাল ঘুড়ি। ঘুড়ির মধ্যে লাল-সবুজ, নীল ও সাদাসহ নানা রকমের এলইডি বাতি লাগিয়ে উড়ানো হয় এসব ঘুড়ি। অপরূপ দৃশ্যটি দেখা যায় ব্রহ্মপুত্র নদের ওপর নবনির্মিত শহিদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতুতে। সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বিভিন্নস্থান থেকে উড়ানো হয় এসব ঘুড়ি। সজিব, মিনাল, নয়ন, রনিসহ অনেকেই জানায়, এক একটি ঘুড়ি বানাতে ২০০ থেকে ৫০০ টাকা খরচ হয়। তারপর মোবাইলের ব্যাটারির সঙ্গে বাতির সংযোগ দিয়ে উড়ানো হয়। দেখে মনে হয় ঠিক যেন আকাশে তারা ফুটছে।