মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুল্কী চার কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় কয়েক গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই। ২ নম্বর জামুর্কি ইউনিয়ন পরিষদের কাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার মো. তোফাজ্জল হোসেন, ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেন অভিযোগ করেন, আছিমতলা-কাটরা-উফুল্কী জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসী নিজ উদ্যোগে মাঝে-মধ্যে রাস্তা থেকে কাদা-পানি সরানোর কাজ করে চলাচলের উপযোগী করে থাকে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তৈরি করে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত পাকা করা হবে।