নবীনগর ফায়ার সার্ভিস স্টেশন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর এলাকার নারায়ণপুর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। তবে বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইমতিয়াজ আহাম্মেদ বলেন, দাপ্তরিক কিছু কাজ বাকি থাকায় ফায়ার সার্ভিস স্টেশন চালু করতে দেরি হচ্ছে। নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, ফায়ার সার্ভিস স্টেশনটিতে স্টাফ আছে। কিন্তু গাড়িসহ প্রয়োজনীয় মালামাল এলেই এটি উদ্বোধন করা হবে। ব্রাক্ষণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনটি চালুর বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সারাদেশে একসঙ্গে ৩০টি ফায়ার স্টেশন উদ্বোধন করার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে। আমাদের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও আগামী সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শুরু করব। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।