তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে প্রসিদ্ধ গুল্টা হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকার স্থলে ৩০০ এবং একটি গরু/মহিষ ক্রয়-বিক্রয়ে ২৪০ টাকার স্থলে আদায় করা হচ্ছে ৪৫০ টাকা। আর খাজনা রসিদে টাকার পরিমাণ না লিখে পরিশোধ লেখা হচ্ছে। সরেজমিনে গুল্টা হাটে দেখা গেছে, সরকারি খাজনা আদায়ের ঘরে বসে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে খাজনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আরো কয়েক জন হাটের মধ্যে টেবিলে বসে খাজনা আদায় করছেন। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন খাজনা আদায়কারী জানান, ইজারাদারের কথা মতো অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। সংগত কারণে আদায় রসিদে টাকার পরিমাণের পরিবর্তে পরিশোধ লেখা হচ্ছে। ভুক্তভোগী ক্রেতা আব্দুর রশিদ, খয়বার আলী, আলতাব হোসেন ও বিক্রেতা শাহ আলম প্রামাণিক, খাদেমুল ইসলাম, জহির উদ্দিন ও আবু মুসা জানান, সরকারি নিয়মানুযায়ী একটি গরু/মহিষ ক্রয়-বিক্রয়ে সর্বোচ্চ ২৪০ ও একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৪০ টাকা খাজনা নেওয়ার বিধান রয়েছে। অথচ ইজারাদার একটি ছাগল ক্রয়-বিক্রয়ে ৩০০ ও একটি গরু/মহিষ ক্রয়-বিক্রয়ে ৪৫০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন। এদিকে ইজারাদার গিয়াস উদ্দিন জানান, তিনি হাজার টাকা পর্যন্ত খাজনা নেওয়ার ক্ষমতা রাখেন। এটা শুধু ইজারাদারের ব্যাপার! উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটবাজার ইজারা কমিটির সভাপতি ইফ্ফাত জাহান বলেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে ইজারাদারের খাজনা আদায়ের বিন্দুমাত্র সুযোগ নেই। ঘটনার সত্যতা যাচাই করে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।