সিরাজগঞ্জ প্রতিনিধি
করোনা আক্রান্ত সন্দেহে পৌর শহরের বাস টার্মিনালের নির্জন জায়গায় সোবাহান আলী নামে এক বাবাকে ফেলে রেখে গেছে ছেলে নজরুল ইসলাম। খবর পেয়ে সোমবার মধ্যরাতে তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুলিশ। ঐ বৃদ্ধের শ্বাসকষ্ট ছিল।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) দীপক কুমার দাস জানান, সোবাহান আলী উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের মানিকদহ গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বাবাকে ফেলে রেখে যাওয়ার বিষয়টি জানার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে সোবাহান আলীকে প্রথমে কাওয়াক সরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সে আইসোলেশনে আছে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে।