বরিশালে মোবাইল চুরির মামলায় তিন আসামি গ্রেফতার

বরিশাল অফিস

বরিশালে মোবাইল চুরির মামলার তিন আসামিকে গ্রেফতারসহ চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিঁধ কেটে চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে যায়। পরদিন এয়ারপোর্ট থানায় চুরির মামলা দায়ের হয়। উপপুলিশ কমিশনারের (উত্তর) তদারকিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) জাকারিয়া রহমান জিকুর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৩ জুলাই রাতে পুলিশ তিন চোরকে আটক করে। তাদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার এবং মো. মারুফ, মো. আনোয়ার ও রঞ্জিতকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা চুরির অপরাধ স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।