টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার, শিশুখাদ্য ও রং ফর্সা করা প্রসাধনীসহ নকল পণ্য তৈরির অভিযোগে কারখানা সিলগালা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কারখানায় নকল পণ্য তৈরির সময় পুলিশ ও গোয়েন্দাদের সহযোগিতায় মেশিন ও পণ্য জব্দ করা হয়।
মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার, শিশুখাদ্য ও কসমেটিকসসহ কমপক্ষে ২০ ধরনের নকল পণ্য তৈরি করে এবং এসব পণ্যের মোড়কে বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে বাজারজাত করে আসছিল। কারখানাটি থেকে প্রায় ২০ ধরনের নকল পণ্য ও উত্পাদনে ব্যবহূত মেশিন পাওয়া যায়। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মালিক না থাকায় কারাখানা মালিকের বোনের কাছে জরিমানার রশিদ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।