এই সময়ের ছড়া
সাজ্জাদ হোসেন
১.
করোনার করুণায়
মরে বেঁচে আছি,
যেমন করে রবি বাবু
টুকরো করেন কাছি।
২.
অসময়ের হাতছানিতে
সময় ধেয়ে যায়,
অভেদ রেখার ফাটল দেখে
মহা হোঁচট খায়।
৩.
কুড়িয়ে পাওয়া দুই টাকা নোট
বুক জুড়ে তার লেখা;
কে লিখেছে, কখন, কেন—
মেলে না তার দেখা।
৪.
কফিশপের জোড়া মগের
বড্ডো মলিন দশা,
মুখোমুখি বনলতার
হয় না তো আর বসা।
৫.
চাইছিল মন, তোমায় ছুঁয়ে দেখি;
আমি শেকড়, তুমি শিখর—এ কী!
৬.
ছায়া হয়ে
রোদের পিছে ছুটি,
রোদ-ছায়াতে
চাই মেলাতে জুটি।
৭.
শ্যামের বাঁশি
যতই বাজুক দূরে,
রাধা এখন
হয় না উদাস সুরে।
৮.
দেখা যদি হয় কখনো আর,
শুধরে নেব সকল অনাচার।