স্বাস্থ্যবিধি কে কতটা মানছি?

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে সবকিছু। হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান, মার্কেট, অভ্যন্তরীণ গণপরিবহনসহ সর্বত্রই স্বাস্থ্যবিধি অকার্যকর। করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। অথচ এখানে না মানার প্রবণতা চোখে পড়ে। করোনা দুর্যোগের শুরুতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তত্পরতায় মানুষ কিছুটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ঐসব তত্পরতা শিথিলে চিত্র পালটে গেছে। গত মার্চ মাস থেকে এখানে সাপ্তাহিক হাটগুলো শারীরিক দূরত্ব মেনে বিকালের পরিবর্তে সকালে বসত। এখন নিয়মিত বিকালেও বসছে। এবং যথারীতি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সময়সূচিও উপেক্ষিত—দোকানপাট, মার্কেট রাত্রি ১০টা-১১টা পর্যন্ত খোলা থাকছে। এসব স্থানে হাত ধোয়া ও শারীরিক দূরত্বের বালাই নেই। গণপরিবহনেও সোশ্যাল ডিসটেন্সের একই অবস্থা। যানবাহনে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য উদ্বিগ্ন সচেতন মহল। পরিশেষে, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার ব্যাপারে আশু কার্যকর পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন,

আদমদীঘি, বগুড়া