মহেশখালীর পাহাড় কাটা বন্ধ হোক

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। কিন্তু দুঃখের বিষয়, এখানকার পাহাড় কাটা হচ্ছে বেপরোয়াভাবে। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত মৈনাক পর্বত এই মহেশখালীর আদিনাথ মন্দিরের পাদদেশে অবস্থিত। এই পাহাড়ও কাটা হচ্ছে নির্বিচারে। এভাবে পাহাড় কাটা হলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটি একসময় বিলীন হয়ে যেতে পারে। মহেশখালীতে দেখা যায়, অনেকে পানের বরজে মাটি দেওয়ার জন্য পাহাড় কাটে, অনেকে চাষের জমি বানানোর জন্য পাহাড় কাটে। এছাড়া অন্যান্য কারণেও নিয়মিত পাহাড় কাটা হয়। এতে বর্ষা মৌসুমে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই অবিলম্বে পাহাড় কাটা বন্ধের জন্য কার্যকর উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুমন কান্তি ঘোষ

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়