হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও দেওয়া হলো ভর্তুকি সুবিধা

ইত্তেফাক রিপোর্ট এখন থেকে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও ভর্তুকি সুবিধা দেওয়া              হবে। তবে এজন্য পরিপালন সাপেক্ষে টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি)-র মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পাবেন রপ্তানিকারকরা। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ              ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় রপ্তানি ঋণপত্র অথবা চুক্তিপত্রের আওতায়               রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে ভর্তুকি প্রদানের পাশাপাশি শর্ত পরিপালন সাপেক্ষে টিটির                 মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি প্রযোজ্য হবে। এ নির্দেশনা চলতি বছরের ১০ মার্চ থেকে কার্যকর হবে। হালকা প্রকৌশল খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি সংশ্লিষ্ট ফরেন একচেঞ্জ প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।