বিবিসি
আল্পস পর্বতমালার ফ্রান্স অংশে গলতে থাকা হিমবাহের বরফের নিচে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রায় সাড়ে পাঁচ দশক আগের ডজনখানেক সংখ্যার সন্ধান পাওয়া গেছে।
পত্রিকাগুলো ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি আল্পসের মঁ ব্লাঁ-র কাছে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে ছিল বলে ধারণা করা হচ্ছে। সেদিনের দুর্ঘটনায় বিমানটির ১১৭ আরোহীর সবাই মারা যান। যে পত্রিকাগুলো পাওয়া গেছে, তার প্রথম পাতায় কংগ্রেসের নেতৃত্ব নির্বাচনের ভোটে ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক বিজয়ের খবর আছে। ঐ জয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মেয়ের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে। ইন্দিরাই ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপর আর কোনো নারী এই পদে বসতে পারেননি।
বরফের নিচ থেকে ৫৪ বছর আগেকার ইন্দিরার জয়ের ‘ব্রেকিং নিউজ’ দেওয়া ন্যাশনাল হেরাল্ড, ইকোনমিক টাইমস ও দ্য হিন্দুর ঐ সংখ্যাগুলো উদ্ধার করেছেন স্থানীয় এক রেস্তোরাঁর মালিক। টিমোথি মোতিনের রেস্তোরাঁটি শামোনি স্কি রিসোর্ট এলাকার কাছে অবস্থিত। ‘পত্রিকাগুলো শুকানো হচ্ছে, যদিও সেগুলোর অবস্থা খুবই ভালো। আপনি পড়তে পারবেন।’ বলেছেন টিমোথি।
আনন্দবাজার জানি-য়েছে, দুমড়ানো-মোচড়ানো অবস্থায় থাকলেও ১৯৬৬ সালের ২০ থেকে ২৪ জানুয়ারির ঐ পত্রিকাগুলো প্রায় অক্ষত অবস্থাতেই পাওয়া গেছে। কেবল একটি বা দুটি পাতাই নয়, মিলেছে আস্ত পত্রিকাই।