বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্যখাতের দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাদের অপসারণের দাবিতে প্রগতিশীল সংগঠনগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু করা হয়। এতে অংশগ্রহণ করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেতমজুর সমিতি, কৃষক সমিতি, উদীচী, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মিছিলটি পল্টন হয়ে জিরো পয়েন্টে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে সমাবেশ করে। এসময় যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
সমাবেশে কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কৃষক সমিতির সহসাধারণ সম্পাদক নিমাই গাঙ্গুলী, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি রুহুল আমিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি করে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস টেস্ট পরীক্ষার কোনো ফি নেওয়া যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে তাদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে হবে।