ইত্তেফাক রিপোর্ট
মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ দিনব্যাপী পরিচালিত দ্বিতীয় ধাপের অভিযানে ৮৯৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পাশাপাশি ৭৮ হাজার ১৩০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি। গতকাল ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে ০ দশমিক ৬৯ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অভিযানের দশম দিন মঙ্গলবার ১১ হাজার ৯৩৪টি স্থাপনা পরিদর্শন করা হয়। এতে ৪৮টিতে লার্ভা এবং ৬ হাজার ৭৯৪টিতে এডিসের বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এদিন ১৭টি মামলায় ২১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।