ইত্তেফাক রিপোর্ট
দেশে নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনে যৌথ কোম্পানি গঠন করেছে বাংলাদেশ ও চীনের পৃথক দুই সরকারি কোম্পানি। বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) যৌথ উদ্যোগে এ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (রিনিউয়েবল) গঠিত হয়।
এ কোম্পানি দেশের বিভিন্ন স্থানে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুত্ উত্পাদন করবে। কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কোম্পানির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রণোদনা অব্যাহত রাখা হবে। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ডিস্ট্রিবিউটেড জেনারেশনকে উত্সাহিতকরণের লক্ষ্যে নেট মিটারিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। টিআর-কাবিখার মাধ্যমে সোলার হোম সিস্টেম প্রসারে সহযোগিতা করা হচ্ছে।
বিদ্যুত্ সচিব ড. সুলতান আহমেদের সভাপতিত্বে এই ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, এনডব্লিউপিজিসিএল’র চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী এ এম খোরশেদুল আলম এবং সিএমসি চেয়ারম্যান রুয়ান গুয়াং বক্তব্য রাখেন।