করোনার নমুনা পরীক্ষা আরো বাড়ানোর আহ্বান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনার নমুনা পরীক্ষা আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গত কয়েক দিনে আমরা লক্ষ করেছি নমুনাপরীক্ষা ক্রমশ কমছে। আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রন্তের হার বেশি। নমুনা পরীক্ষার বাইরে আক্রান্ত রোগী থাকা অধিকতর ঝুঁকিপূর্ণ এবং দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। তাই নমুনা পরীক্ষা আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি এবং ল্যাবগুলোর সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী প্রেরণে স্বাস্থ্য বিভাগের কার্যকর ও দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছি। ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

করোনা পরীক্ষা নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরীক্ষার ভুয়া সনদ যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনি বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভবিষ্যতে আর কোনো প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব আছে বলে গণমাধ্যমের খবর বেরিয়েছে। সেই অনুযায়ী করোনার চিকিত্সা, সংক্রমণ রোধ এবং অন্যান্য রোগের চিকিত্সা অব্যাহত রাখতে সুসমন্বয় প্রতিষ্ঠা জরুরি।

দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করে ওবায়দুল কাদের বলেন, দেশের প্রায় ১৫ জেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য  জেলায়ও বন্যা ছড়িয়ে পড়তে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ক্রেতা-বিক্রেতার অবাধ বিচরণ এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলায় পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, পশুরহাটের ইজারা গ্রহীতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগসহ সবার প্রতি পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর কঠোরতা প্রদর্শনের অনুরোধ রইল।