বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নুরুল ইসলাম বাবুল

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের অন্যতম বৃহত্ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে। এর আগে বাদ জোহর রাজধানীর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা হয়। জানাজার পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজার আগে মরহুমের রুহের মাগফিরাত ও বেহেশত কামনায় সবার কাছে দোয়া চান তার ছেলে ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। এ সময় তিনি মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার বাবার অবদানের কথা স্মরণ করেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার বিকাল চারটার দিকে মৃত্যুবরণ করেন ৭৪ বছর বয়সি নুরুল ইসলাম বাবুল। ১৯৪৬ সালে নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।