গর্ভপাতের সময় নারীর মৃত্যু

ভুয়া চিকিত্সক দম্পতি রিমান্ডে

রাজধানীর উত্তরখানের কোনাবাড়ি এলাকায় গর্ভপাতের সময় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর তার লাশ গুমের মামলায় ভুয়া চিকিত্সক দম্পতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনা। এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরখান থানার এসআই হারেজ মিয়া।

জানা যায়, গত ৩ জুলাই উত্তরখানের আমাইয়া এলাকা থেকে মালা রানী নামের এক নারী নিখোঁজ হন। ৩ জুলাই এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর থেকে ফোন দিয়ে তার স্বামী হরি গোপাল দাসকে জানানো হয়, মালা রানী যেখানেই আছে ভালো আছে। রাতে সেখানেই থাকবে। স্বামী ৪ জুলাই পর্যন্ত অপেক্ষার পর ঐ নম্বরে ফোন দেন। তবে কেউ ফোন রিসিভ করেননি। কখনো কখনো ফোন বন্ধ পাওয়া যায়। ৫ জুলাই হরি গোপাল দাস উত্তরখান থানায় জিডি করেন।

পুলিশ জানতে পারে, ফোন নম্বরটি গোলাম রাব্বানী নামের এক ব্যক্তির। তার বাসা উত্তরখানের তালতলা বালুর মাঠ এলাকায়। কিন্তু সেই বাসায় তাকে গিয়ে পাওয়া যায়নি। ১৩ জুলাই সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, গত ৩ জুলাই মালা রানীকে ওষুধ খাইয়ে তার গর্ভপাত করানোর চেষ্টা করেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ৪ জুলাই বিকাল সাড়ে ৫টায় মালা রানী মারা যান। এরপর তাকে একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী। সোমবার দুপুরে ঐ ডোবা থেকে মালা রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।