পাপুলকাণ্ডে কুয়েতি সেনা কর্মকর্তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগে আটক কুয়েতের সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল-জারাহকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। তদন্তের স্বার্থে তার আটকের মেয়াদ বাড়ানো হয়েছে। কুয়েতের দৈনিক আল সায়েসাহ এর বরাত দিয়ে আরব টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে শনিবার গ্রেফতার করা হয়। ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে । তবে তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে অভিযোগ গুরুতর হওয়ায় তাকে আটকে রেখে আরো জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক তিনি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। ঘুষ নিয়ে তাকে মানব পাচারে সহায়তা করার অভিযোগে ইতিমধ্যে কুয়েতের দুই জন এমপি জড়িয়ে পড়েছেন।