আগামী রবিবার থেকে সপ্তাহের পাঁচ দিনই বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে চলবে দেশের সর্বোচ্চ এই আদালতের বিচারকাজ। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছিল, সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দুই দিন আপিল বিভাগে বিচারকাজ অনুষ্ঠিত হবে। সে হিসাবে গত সোমবার প্রথমবারের মতো ভার্চুয়ালি বসে বিচারকাজ পরিচালনা করে আপিল বিভাগ।
ঐদিন দুটি মামলা নিষ্পত্তি করা হয়। গতকাল সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী কোভিড-১৯-এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন এবং প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে শুধু ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের স্বাভাবিক বিচারকাজ পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। উক্ত দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন নিয়মিত স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে বলে ঐ নির্দেশনায় উল্লেখ করা হয়।