মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক ঠিকমতো পরেননি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি সামরিক হাসপাতাল পরিদর্শনের সময় তার মুখে মাস্ক দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তাতে তার নাক ঢাকা ছিল না। এদিকে মাস্ক নিয়ে সারা বিশ্বে ধারণা বদলে যাচ্ছে। খবর বিবিসির
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ছবিটি আসল কি না তা নিয়েও বহু প্রশ্ন উঠেছে। এর সঙ্গে মিল আছে এরকম আর কোনো স্থির চিত্র বা ভিডিও ফুটেজও কোনো সংবাদমাধ্যমে চোখে পড়েনি। এমনও হতে পারে যে সে সময় হয়তো মাস্কটি নাকের ওপর থেকে পিছলে পড়ে গিয়েছিল এবং কেউ একজন তখনই ছবিটি তুলেছিলেন। কিন্তু এ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ছবির রং ঠিক মনে হয় না, ছবির মানও খুব খারাপ, মাস্কের স্ট্র্যাপ মনে হচ্ছে প্রেসিডেন্টের কানের ভেতর দিয়ে চলে গেছে এবং তার মুখ ও চিবুকের গঠনও ঠিক মনে হচ্ছে না। ছবিটির উত্স কোথায় বিশেষ অনলাইন সার্চ টুল দিয়ে বিবিসি সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু সেটা কোনো অনলাইন সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। নিশ্চিত করে যা বলা যায় তা হচ্ছে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
বিশ্বব্যাপী মাস্ক নিয়ে ধারণা বদলাচ্ছে
গত কিছুদিন ধরে মাস্ক নিয়ে বিশ্ব নেতাদের আচরণে পরিবর্তন এসেছে। ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জনসম্মুখে মাস্ক পরে এসেছেন। এর আগে মাস্ক নিয়ে নানা তাচ্ছিল্য করেছেন ট্রাম্প। শুরুতে ব্রিটেন সরকারও মাস্ক নিয়ে খুব একটা পরোয়া না করলেও এখন ব্রিটেন ঘোষণা দিয়েছে ২৪ জুলাই থেকে সব দোকানে মাস্ক থাকা চাই।