ফ্রান্সের স্বাস্থ্যকর্মীদের ঐতিহাসিক বেতন বৃদ্ধি

ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করেন তাদের প্রায় ৮ বিলিয়ন ইউরো বেতন বাড়ানো হয়েছে সব মিলিয়ে। করোনা ভাইরাস মহামারির সময়ে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সরকার। গতকাল বাস্তিল দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে প্যারেড বাদ দেওয়া হয়। তবে পরিবর্তে স্বাস্থ্যকর্মীদের সম্মানও জানানো হয়। খবর বিবিসির

ফ্রান্সে কোভিড-১৯ রোগের চিকিত্সা দিতে গিয়ে যেসব স্বাস্থ্যকর্মী মারা গেছেন তাদের স্বজনদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রায় ২ হাজার সেনাবাহিনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাত সপ্তাহ ধরে বেতন বৃদ্ধি নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে দরকষাকষিও হয়। এরপর স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের নায়কোচিত সম্মান দেওয়া হয়। সরকার ও সাধারণ মানুষ উভয় পক্ষ থেকে তাদের কাজের প্রতি সম্মান দেখানো হয়েছে। ফ্রান্সে প্রায় ৩০ হাজারের মতো মানুষ মারা গেছেন এই করোনা ভাইরাস মহামারিতে। আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি।