তীব্র স্রোতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত, পণ্যবাহী ট্রাক আটকা

পদ্মায় তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়েছে প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। পণ্যবাহী ও বড় পরিবহন পারাপারে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। তবে ছোট ও মাঝারি কয়েকটি ফেরি দিয়ে জরুরি পরিবহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। 

ঘাট সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে পদ্মায় দ্বিতীয় দফায় আবার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৫ সে.মি. পানি বেড়ে এখন প্রায় বিপৎসীমার ২৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া উভয় পাড়ে আটকা পড়েছে প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। এর মধ্যে কাঁঠালবাড়ি ঘাটেই আটকা আছে প্রায় ৬ শত পণ্যবাহী ট্রাক। তীব্র স্রোতে ৪টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বর্তমানে ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে জরুরি সেবা চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এই ঘাট ৮৭টি লঞ্চ ২ শতাধিক স্পিডবোট ও ১৭টি ফেরি চলাচল করে। পূর্বে যেখানে ফেরির পল্টুন ছিল সেই স্থান ডুবে গেছে। এ কারণে এখন হাই ওয়াটার লেভেলে পল্টুন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: মান্দায় আত্রাই নদের বাঁধ ভেঙ্গে পানিবন্দী এলাকাবাসী

কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে জরুরি সেবা চালু রয়েছে। তবে ঈদকে সামনে রেখে গরু বোঝাই ট্রাক ও অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

ইত্তেফাক/এএএম