মুক্তির অপেক্ষায়...

লাক্স সুপারস্টার শানারেই দেবী শানু সময়ের সাথে সাথে নিজেকে করেছেন ঋদ্ধ। অভিনয়শিল্পীর পাশাপাশি নিজের নামের সাথে যুক্ত করেছেন ‘কবি’র তকমাও। অভিনয়ের দীর্ঘদিনের পথচলায় অসংখ্য টিভি নাটক ও টেলিফিল্মে তাকে অনবদ্য অভিনয় করতে দেখা গেছে। কিন্তু সিনেমার পর্দায় তার দেখা মিলেনি কখনো। প্রথমবারের মতো তিনি একটি সিনেমায় অভিনয় করেছেন। নাম ‘মিস্টার বাংলাদেশ’। এটি নির্মাণ করেছেন আবু আক্তারুল ইমাম।

আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে শানু অভিনীত এই সিনেমা। এই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার গল্পে শানুকে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যেহেতু ‘মিস্টার বাংলাদেশ’ শানুর প্রথম সিনেমা, তাই এই সিনেমার প্রচারণাতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন টিভি ও রেডিও চ্যানেলে, বিভিন্ন পত্রিকা অফিসে, নিউজ পোর্টালের অফিসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা মুখী প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তিনি। নিজের অভিনীত প্রথম সিনেমার খবরটি যেন সারা বাংলাদেশের সবার কান পর্যন্ত পৌঁছায় সেই চেষ্টাই করছেন শানু।

‘মিস্টার বাংলাদেশ’ প্রসঙ্গে শানু বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা তাই এই সিনেমা মুক্তির অধীর আগ্রহে আছি আমি। নিজেকে বড় পর্দায় দেখার সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। সত্যি বলতে কী প্রথম যেকোনো কিছুর প্রতি মানুষের ভালো লাগা, ভালোবাসা থাকে একটু অন্যরকম। যেমন প্রথম প্রেম, প্রথম সন্তান এসব ক্ষেত্রে অনুভূতি ভাষায় প্রকাশের মতো থাকে না। আমার প্রথম কবিতার বই নীল ফড়িংয়ের কাব্য প্রকাশের আগেও আমার এমন অনুভতি হয়েছিল। তাই প্রথম সিনেমা মিস্টার বাংলাদেশের ক্ষেত্রেও আমার সেই ভালো লাগা, ভালোবাসা কাজ করছে। খুব চমত্কার একটি সিনেমা হয়েছে।

দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’ এদিক শানারেই দেবী শানু অভিনীত ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকটি চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে। বর্তমানে তিনি কাজ করছেন সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘সোনার খাঁচা’য়।