দেশের প্রথম থ্রিলার অডিও সিরিজ ‘পাতালপুর’

দেশের প্রথম গ্লোবাল মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্বাধীন। লক্ষাধিক বাংলা ও ইংরেজি গান নিয়ে এটি শুরু হয়েছে চলতি বছর জানুয়ারি থেকে। চলমান করোনা পরিস্থিতির মধ্যেই অ্যাপটি গানের বাইরে নিজেদের বেশ জনপ্রিয় করে তুলেছে নাভিদ মাহমুদের কমেডি শো আর ‘ভূত ডট কম’ নামের অনুষ্ঠান দুটি প্রচার করে। এবার স্বাধীন সংশ্লিষ্টরা আরও একধাপ এগিয়ে। গুছিয়ে ফেলেছেন প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ সিরিজ ‘পাতালপুর’। এটি নির্ধারিত হচ্ছে ১৮ বছর অতিক্রম করা সাহসী শ্রোতাদের জন্য। না, অশ্লীল কিছু নয়। তবে সত্য ঘটনার রেশ ধরে রোমাঞ্চকর থ্রিলারে সাজানো হয়েছে এই সিরিজ। স্বাধীন-এর সিইও সাবিরুল হক বলেন, প্লাটফর্মটির মূল পরিচয় ও উদ্দেশ্য বাংলা গানের বিশ্বায়ন। এরমধ্যে পেয়েছে আশাতীত ফলাফলও। মাত্র ছয় মাসের মাথায় প্রতিদিন বিশ্বের প্রায় ৬ লাখ শ্রোতা স্বাধীন-এ কান পাতেন। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা এই শ্রোতাদের গানের পাশাপাশি নতুন কিছু দেওয়ার লক্ষ্যেই ‘পাতালপুর’ ঘরানার অডিও-মিউজিক থ্রিলার সিরিজ তৈরি করা হয়েছে। যা বাংলাদেশে আগে হয়নি। তিনি আরও বলেন, বই পড়লে, গল্প বা গান শুনলে আমরা নিজের মতো একটা দৃশ্যপট তৈরি করি মনের ভেতর। আমি চাই স্বাধীনের শ্রোতাদের মনেও সেই ক্রাইম-থ্রিলার ব্যাপারটা একটু জায়গা করে নিক ‘পাতালপুর’ পডকাস্ট সিরিজ শোনার মধ্য দিয়ে। ১০ জুলাই ‘পাতালপুর’ অডিও সিরিজের একটি টিজার উন্মুক্ত হয়েছে স্বাধীন অ্যাপের ফেসবুক পেজে। এতে আসামীর ভাষ্যে খুনের ধারাবর্ণনা আর রোমাঞ্চকর আবহসংগীত—নেটিজেনদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে।