এবার ভারতীয় বক্সিং দলের চিকিৎসক করোনায় আক্রান্ত

ভারতীয় বক্সিং দলের সঙ্গে জড়িত এক ডাক্তারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ডঃ অমল পাতিল নামের ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

তবে পাতিয়ালায় শিবিরের জন্য যারা পৌঁছেছিলেন তাদের সকলেরই পরীক্ষার প্রাথমিক ফল নেগেটিভ এসেছে। আপাতত বাতিল করা হয়েছে ওই শিবির। এই দলের রয়েছে ১১ জন বক্সার। আর তাদের মধ্যে রয়েছেন এশিয়ান গেমস এর রুপা জয়ী অমিত পংঘল। 

এদিকে ওই শিবিরের সকলের আবারও পরীক্ষা করা হবে মঙ্গলবার। কারণ আক্রান্ত ডাক্তারের সঙ্গে একই জায়গায় কোয়রিন্টিনে ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বক্সিং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া জানায়, ডঃ অমল পাতিল পাতিয়ালা ন্যাশনাল ইন্সটিটিউট ক্যাম্পাসের বাইরের সেন্টারে কোয়রান্টিন ছিলেন। নিয়ম মেনে সাতদিনের কোয়রান্টিনের পর তাঁর কোভিড-১৯ পরীক্ষা করা হয় যার ফল নেগেটিভ এলে তবেই তাঁকে মূল হস্টেলে থাকার অনুমতি দেওয়া হত। সেই পরীক্ষা করাতে গিয়েই ধরা পড়ল তাঁর আক্রান্ত হওয়ার কথা।

আরও পড়ুন: করোনাভাইরাস মহামারিতে ধূমপান ছেড়েছেন ১০ লাখ মানুষ

স্পোর্ট অথরিটি আরও জানায়, রাজ্যের কোভিড সেন্টারে তাকে পাঠানো হয়েছে। যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছে তাদেরও পরীক্ষা করা হবে। সেখানে যারা কোয়রান্টিনে ছিলেন তাদের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গোটা সেন্টারকে জীবানুমুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/আরআই