অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে বিনিয়োগের বিকল্প বাড়বে

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম বলেছেন, অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অনেক কোম্পানি থাকার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগের বিকল্প বাড়বে। যারা বিশ্লেষণ করে বিনিয়োগ করতে পারবে তারাই মূলত এখানে বিনিয়োগ করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অধিক সম্পদশালী ব্যক্তির এটিবিতে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগে উত্সাহিত করা উচিত। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অলটারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা, ২০১৯-এর আওতায় মঙ্গলবার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ‘বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) কার্যক্রম ও সম্ভাবনা’-এর ওপর এক অনলাইন ট্রেনিংয়ে তিনি এ কথা বলেন। এতে অংশগ্রহণ করেন বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ইস্যুয়ার কোম্পানি এবং সিডিবিএলের প্রতিনিধিবৃন্দ।

মো. মাহবুবুল আলম বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের এটিবির সিকিউরিটিজে বিনিয়োগে উত্সাহিত না করাই ভালো। কারণ, হলো এটিবিতে তালিকাভুক্ত ডেট ও ইক্যুইটি সিকিউরিটিজে ঝুঁকির পরিমাণ মেইন বোর্ডের তালিকাভুক্ত সিকিউরিটিজের চেয়ে অনেকটাই বেশি। আর এই বোর্ডে বিনিয়োগ ঝুঁকি বেশি থাকার কারণে শুধু বৃহত্ বিনিয়োগকারীদের বিনিয়োগ উত্সাহিত করতে হবে। আর এই বোর্ড সফল করার জন্য এক্সচেঞ্জগুলোকে সক্রিয়ভাবে প্রচারণামূলক কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি এটিবিতে তালিকাভুক্ত সিকিউরিটিজে ব্রোকারেজ কমিশন, লিস্টিং ফি এবং সিডিবিএল চার্জ কম ধার্য করার জন্য অনুরোধ করেন। বিএসইসির পরিচালক ও বিএএসএমের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ট্রেনিং প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার।