মনোবিদের ক্লাসের অপেক্ষায় নারী ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

করোনাকালে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলাদেশ নারী ক্রিকেট দল ও বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুবদলের জন্য মনোবিদ নিয়োগ করেছে বিসিবি। আগামী শনিবার (১৮ জুলাই) থেকে দুই দলের ক্রিকেটারদের ক্লাস নিবেন মনোবিদ আলী খান। কানাডাপ্রবাসী এই বাংলাদেশি মনোবিদ ক্লাসগুলো নিবেন অনলাইনে। প্রতিটি দলের সঙ্গে অন্তত তিন থেকে পাঁচটি ক্লাস পরিচালনা করবেন আলী খান। অতীতেও বাংলাদেশ জাতীয় দলের  সঙ্গে কাজ করেছিলেন তিনি।

আলী খানের ক্লাসে বসার অপেক্ষায় নারী ক্রিকেটাররা। ক্রিকেটের বাইরে নিজের মানসিক দিকের উন্নতি, মনোবল-সাহস সঞ্চয় নিয়ে মনোবিদের সঙ্গে আলোচনা করতে চান ক্রিকেটাররা। করোনায় ক্রিকেটহীন দিন কাটানোর সঙ্গে নারী দলের ভান্ডারে ক্রিকেট মাঠে ব্যর্থতার দগদগে স্মৃতিও আছে। বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল সালমা বাহিনীর। কোনো ম্যাচ না জিতে শূন্যহাতে ফিরেছিল তারা। তাই সার্বিক দিক মিলে মনোবিদের সঙ্গে আলাপের জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন তিনি।

মাঠের বাইরে থাকতে থাকতে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। অথচ যেখানে বছরের সিংহভাগ সময় মাঠেই কাটে তাদের। গতকাল নিগার সুলতানা জ্যোতি বলছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা যারা মাঠে থেকে অভ্যস্ত তারা এতদিন বাসায় থাকি না। তো এতে করে মানসিকভাবে কিছুটা হলেও বদলে যাচ্ছিলাম, একটু খারাপ লাগা কাজ করছিল। তো সেক্ষেত্রে আমি ফিজিওর সঙ্গে কথা বলেছিলাম যে কী করা যায়। যখন শুনলাম বিসিবি আমাদের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে তখন থেকে ভালো লাগছে। কারণ আমরা যারা মানসিক বিষাদে ভুগছিলাম বা ভালো অনুভব করছিলাম না তখন মনে হলো মানসিক সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। এবং মনোবিদের সঙ্গে যদি ক্লাস বা সেশনগুলো পাই আমাদের জন্য অনেক সাহায্য হবে। আমরা জানতে পেরেছি আগামী শনিবার থেকে আমাদের মনোবিদের সঙ্গে ক্লাস শুরু হবে।’