এইদিন থাকবে না

এই সময়ের ছড়া 

সারওয়ার-উল-ইসলাম

 

আকাশের দিকে শুধু চেয়ে চেয়ে থাকি

এইদিন থাকবে না বিশ্বাসে রাখি।

পাতা থেকে ধুলাবালি হয়ে যাবে সাফ

খণ্ডাবে কিছু কিছু মানুষের পাপ।

 

অস্ত্র কিনতে টাকা খরচ না করে

ফুলের জন্যে ব্যয় করো হাত ভরে।

শিশুর রক্তে লাল হবে না এ মাটি

‘থামাও যুদ্ধ সব’—এ কথাটা খাঁটি।

 

যুদ্ধ বিমানগুলো উড়বে না আর

পৃথিবীর ফুসফুস পুড়বে না আর

আমাজনে সবুজের দেবে হাতছানি

সমুদ্রে ডলফিন খেলবে ডুবানি।

 

এইদিন থাকবে না—বিশ্বাসে আঁকো

করোনাকালের ছবি মনে গেঁথে রাখো

মনে গেঁথে সব্বাই হও সাবধান

বানাব না পৃথিবীকে মরু উদ্যান।

 

আকাশের দিকে শুধু চেয়ে চেয়ে থাকি

স্বাভাবিক জীবনের স্বপ্নটা আঁকি।