ভারী বৃষ্টিতে ধসে গেছে মাটি

রামগতি সদর রক্ষাবাঁধ

নজরুল ইসলাম, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

গত কয়েক দিনের ভারী বৃষ্ট্পািতের কারণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর রক্ষাবাঁধের বিভিন্ন স্থানে মাটি ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বাঁধের কয়েকটি স্থানে সিসি ব্লকের (সিমেন্ট কংক্রিটের ব্লক) নিচ থেকে মাটি সরে যাওয়ায় তা দেবে গেছে। বাঁধের পাশ ঘেঁষে প্রায় দুই কিলোমিটার এলাকায় বৃষ্টির পানিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধের এ অবস্থা পরিদর্শন করে গেলেও এখন পর্যন্ত তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এ সময় মাহফুজুর রহমান নামে এক এলাকাবাসী জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে তার বাড়ির পাশে বেড়িবাঁধে একটি বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাঁধটি তাদের বসতবাড়ি রক্ষা করায় এর কোনো ক্ষতি হলে ঝুঁকির মধ্যে পড়বেন এমন আশঙ্কায় তারা গর্তটি মাটি দিয়ে ভরাটের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে গর্তটির কিছু অংশ ভরাট করা হয়েছে। ভালোভাবে কাজটি করা না হলে বাঁধটি হুমকির মধ্যেই থেকে যাবে। রামগতি পৌর সভার মেয়র এম মেজবাহ উদ্দিন বলেন, বাঁধের কারণে ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। তাই বাঁধটি রক্ষায় যথাসময়ে রক্ষণাবেক্ষণ জরুরি। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এম এম জাহাঙ্গীর জানান, বাঁধের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি ও সিসি ব্লক দেবে যাওয়ার খবর পেয়ে তারা সরেজমিন পরিদর্শন করেছেন। জরুরিভাবে আগামী কিছু দিনের মধ্যে মাটি ধসে সৃষ্টি হওয়া গর্তগুলো ভরাট এবং বাঁধটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।