সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্ত থেকে পাঁচ পিস স্বর্ণের বারসহ আছিয়া বেগম (৬৫) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সদর উপজেলার লক্ষীদাঁড়ি সীমান্তের ভোমরা ফলের মোড় থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫৯৬ গ্রাম। আটক ঐ নারী সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে সদর থানায় সোপর্দ ও জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা করার প্রস্তুতি চলছে।