সানীর ‘রৌদ্র ছায়া’

কিছুদিন আগেই ‘মধুর ক্যান্টিন’ নামের একটি চলচ্চিত্রে ‘মধু দা’র চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ওমরসানী। এরমধ্যে আরও একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। বুলবুল জিলানীর ‘রৌদ্র ছায়া’ ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমায় তিনি ওমরসানী হয়েই দর্শকের সামনে উপস্থিত হবেন। এতে আরও অভিনয় করেছেন আইরিন, নীরব, সুষমা প্রমুখ। পরিচালক বুলবুল জিলানী জানান, আমরা একজন সুপারস্টার ওমরসানীকেই আমাদের সিনেমায় দেখাব। সিনেমার শুরুটাই হবে তাকে দিয়ে। তার গল্প বলার শুরু দিয়েই ‘রৌদ্র ছায়া’ সিনেমার কাহিনি শুরু হবে। আমরা চেষ্টা করছি ওমরসানীকে তার হিরোইজম বজায় রেখে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়। আগামী সপ্তাহে বিএফডিসিতে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ওমরসানী। এই ছবিতে কাজ করা প্রসঙ্গে ওমরসানী বলেন, ‘বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এই সিনেমাতে কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এই সিনেমায় যে সম্মান দেখানোর চেষ্টা করবে, তার সেই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস সিনেমার শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে। এটা সত্য যে শুধুমাত্র আমার বন্ধু বুলবুল জিলানীর কথা ভেবেই এই সিনেমায় আমি অভিনয় করতে যাচ্ছি। অনেক শুভ কামনা ‘রৌদ্র ছায়া’র পুরো ইউনিটের জন্য, আমার বন্ধু বুলবুল জিলানীর জন্য।’