দেশি-বিদেশি ওয়েব সিরিজ থেকে অশ্লীল দৃশ্যের ভিডিও সরানোর নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

দেশি-বিদেশি ওয়েব সিরিজ থেকে অশ্লীল দৃশ্য সংবলিত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বিটিআরসিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সকল ওটিটি প্ল্যাটফরম থেকে অনৈতিক এবং আইন বহির্ভূত ভিডিও কনটেন্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে পরিবেশিত দেশি-বিদেশি ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে গত ১৪ জুন সরকারকে আইনি নোটিশ দেন তানভীর আহমেদ। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিট আবেদনে বলা হয়, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশি-বিদেশি সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে এবং সেসব দৃশ্য জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। সম্প্র্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফরম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’ তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এসব দৃশ্য আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।