বিশেষ প্রতিনিধি
রাজধানীর কামরাঙ্গীরচরে মা জেসমিন আক্তারকে (৪৫) বঁটি দিয়ে কুপিয়ে খুনের মামলায় ছেলে জুয়েল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার জুয়েল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই মো. জোবায়ের। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কামরাঙ্গীরচর বড়বাড়ী এলাকার একটি বাড়িতে মঙ্গলবার রাত ৮টার দিকে খুন হন মা জেসমিন আক্তার। এ সময় বাসায় একাই ছিলেন ছেলে জুয়েল। মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে তর্কে লিপ্ত হয় জুয়েল। এক পর্যায়ে বঁটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মা জেসমিন আক্তার মারা যান। এ ঘটনায় জেসমিন আক্তারের স্বামী বাকের কামরাঙ্গীরচর থানায় মামলাটি দায়ের করেন। জুয়েল পেশায় বাসের হেলপার।