বরিশাল অফিস
ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির মৃধাকে (৪০) আটক করেছে র্যাব-৮ সদস্যরা। বুধবার দুপুরে র্যাব-৮-এর সদর সপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ভোরে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে তাকে আটক করা হয়। নাসির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে এবং ময়ূর-২ লঞ্চের মাস্টারের সহযোগী (সুকানি) হিসেবে কাজ করতেন।
র্যাব-৮ জানায়, গত ২৯ জুন ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে যায় মুন্সীগঞ্জ-ঢাকা রুটের মনিং বার্ড লঞ্চটি। এতে ৩৪ জনের মৃত্যু হয়। এ সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লার জায়গায় সুকানি নাসির মৃধা লঞ্চটি চালাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, মাস্টারের বদলে সুকানি লঞ্চ চালানোর দায়িত্বে থাকায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লঞ্চের মালিকসহ সব কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এরপর আসামি নাসির মৃধা মোংলা বাগেরহাট এলাকায় আত্মগোপনে চলে যান। র্যাব-৮-এর একটি দল তদন্ত শুরু করে এবং তদন্তের একপর্যায়ে নাসিরের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। নাসির মৃধাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।