গোবিন্দগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের একটি পুকুর থেকে খালিদ বিন নাঈম পিয়াস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের রেসকিউ টিম মরদেহ উদ্ধার করে। সে গোবিন্দগঞ্জ পৌরসভার মাস্টারপাড়ার মো. খালেদ মির্জার ছেলে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মতিয়ার রহমান জানান, বিকালে পিয়াস তার বাবার লিজ নেওয়া পুকুরে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।