চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ কবিরাজের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া জানান, তথাকথিত কবিরাজ হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী একজন ভণ্ড ও প্রতারক। সে রোকেয়া করিম নামে এক নারীর সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে দুই দফায় ৬৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে সে ঐ নারীর ছেলের সংসারে অশান্তি দূর করার জন্য সাড়ে ৩ লাখ টাকা নিয়েছে। পরে ঐ নারীকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আটকের পর পুলিশের কাছে সব স্বীকারও করেছে হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী। পুলিশ কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, হাফেজ মোহাম্মদ লিয়াকত আলী অন্ধ সেজে থাকলেও আসলে সে চোখে দেখে। মানুষের সঙ্গে প্রতারণার সুবিধার্থে সে এমন অভিনয় করে। হাফেজ মোহাম্মদ লিয়াকত আলীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন রোকেয়া করিম।