প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ মুজিববর্ষে ১ কোটি বৃক্ষ রোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেশব্যাপী ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১০টায় গণভবনে একটি তেঁতুল, একটি ছাতিয়ানসহ তিনটি গাছের চারা রোপণ করার মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ  অভিযান-২০২০-এর উদ্বোধন করবেন।

গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করার পর এদিন প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য নির্দেশিকা মেনে একটি করে ফলদ ও ঔষধি চারা রোপণ করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপণ শেষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব চারা বিনা মূল্যে বিতরণ করা হবে। উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাধ্যমে চারা বিতরণ করা হবে। পরিবেশমন্ত্রী জানান, ১ কোটি গাছের চারার মধ্যে ৫০ শতাংশ ফলদ এবং বাকি ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী।  কোনো বিদেশি প্রজাতির গাছের চারা লাগানো হবে না। প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ৫ হাজার করে গাছের চারা বরাদ্দ দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের নির্দেশনা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে রোপণের জন্য বিতরণ করা হবে। দেশের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে বনজ, ফলদ ও ঔষধি গাছ বিতরণ করতে বন বিভাগের নার্সারিগুলোতে সেগুলো উত্পন্ন করা হয়েছে। এবার বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আওতায় সারা দেশে ৭ কোটি গাছ রোপণ করা হবে বলে জানান পরিবেশ ও বনমন্ত্রী। উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান ছাড়াও মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।