বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল ট্রাম্প প্রশাসন

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরি অনলাইনে চালু হলে, ঐ প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। এর ফলে দুশ্চিন্তা মুক্ত হলো দেশটিতে অধ্যয়নরত লাখ লাখ বিদেশি শিক্ষার্থী। খবর :বিবিসি।

গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগ জানায়, আগামী শরত্কালীন সেমিস্টারের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে     চালু হলে, শিক্ষার্থী ভিসায় অবস্থানরতদের অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এর দুই দিন পর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

মঙ্গলবার ঐ মামলার শুনানিতে বিচারক অ্যালিসন বারোগস বলেন, মার্কিন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের অধিকাংশই সম্পূর্ণ টিউশন ফি দিয়ে থাকে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের অন্যতম উত্স। ট্রাম্প প্রশাসনের ফেরত পাঠানোর প্রাথমিক সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে এসব শিক্ষার্থীর জীবন।

এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্লাস পুরোপুরি অনলাইনে চালু হলে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার ব্যাপারে বিধিনিষেধ নিয়ে প্রশাসন আগামীতে একটি নোটিশ জারির পরিকল্পনা করছে।