গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ

গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেওয়া হয়। গ্রেফতারের পর তাকে পুলিশের একটি জিপে করে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে শেখ হাসিনার জামিনের আবেদন নামঞ্জুর হয় এবং তাকে জাতীয় সংসদ ভবনের পাশে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়।

ঐ সময়ে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত কয়েকটি মামলায় বিশেষ জজ আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ঐ সব মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট মামলাগুলোর বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। এর আগে বঙ্গবন্ধু কন্যার মুক্তির দাবিতে দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। প্রায় ১১ মাস অতিবাহিত হলে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী তাকে যুক্তরাষ্ট্রে চিকিত্সার দাবি জানান। উন্নত চিকিত্সার স্বার্থে কারাবন্দি শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুন আট সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কান ও চোখের চিকিত্সা নেন তিনি।  প্রথমে তাকে ৮ সপ্তাহের জামিন দেওয়া হয়। এরপর কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। চিকিত্সা শেষে ৬ নভেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর আবার তাকে কারাগারে রাখা হয়। আটকের এক বছরেরও বেশি সময় পর স্থায়ীভাবে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ ১৬ জুলাইকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দেশে ফিরে শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নেন এবং আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুত করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পায়। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করা হয়। ঐ সরকারের ধারাবাহিকতায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় বার সরকার গঠন করে এবং শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।